পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু আহত ১৪

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার চার জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কালকিনি (মাদারীপুর) :ডাসারে বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার শহীদ গাজীর ছেলে শুক্কুর গাজী (৪২) ও একই ইউনিয়নের ধূয়াসার এলাকার জোরাল বেপারীর ছেলে আমির বেপারী (৩৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

রংপুর :রংপুরের হারাগাছে বালুভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় ট্রান্স ফরমার ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন ট্রাক্টরের হেলপার মনোয়ার হোসেন (৩০)। দুর্ঘটনায় চালকসহ আরো দুই জন আহত হয়েছেন। রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানার ওসি (তদন্ত) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের মুলিবাড়িতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম (২৯) জেলার সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানান, কালাম মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে পৌঁছে। তখন দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) :ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে যাত্রীবাহী বাস উলটে চালকসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। উপজেলার বগইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেন। আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।