গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আর প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। এদিকে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন—পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদের সদস্য রবিউল আলম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল আলম মুক্তি, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার ইতি, বিএনপির গোলাম কিবরিয়া রুলু, জামায়াতের মুহাম্মদ ওবায়দুল্লাহ্ এবং সাবেক মেয়র আমিনুল ইসলাম। গত ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বাবু মেয়র নির্বাচিত হন। ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা গেলে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।