সিরিজ জিতে রাঙাতে চায় বাংলাদেশ

মাহমুদউল্লাহর

শততম

টি-২০

আজকের ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যারিয়ারের শততম টি-২০ ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে ম্যাচ খেলার ‘সেঞ্চুরি’ পূরণ করতে যাচ্ছেন তিনি।

 স্পোর্টস রিপোর্টার

কন্ডিশনে মানিয়ে নেওয়ার মিশনে দারুণ উন্নতি করেছে নিউজিল্যান্ড। হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে সফরকারীরা। সেই আত্মবিশ্বাস নিয়েই সিরিজের বাকি ম্যাচগুলোতেও লড়তে চায় ব্ল্যাক ক্যাপসরা। টম ল্যাথামের প্রতিরোধ ঠেলে গত শুক্রবার ম্যাচের শেষ ওভারে পাওয়া জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

ছন্দে থাকা বাংলাদেশ দল এখন ব্যাটে-বলে দারুণ আত্মবিশ্বাসী। তাইজুল ইসলামের মতে, আত্মবিশ্বাসের জোরেই ল্যাথামের ধাক্কা কাটিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতা ধরে রেখে আজই সিরিজ জয়ের আশায় আছে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

আজকের ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যারিয়ারের শততম টি-২০ ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে ম্যাচ খেলার ‘সেঞ্চুরি’ পূরণ করতে যাচ্ছেন তিনি। নিজের মাইলফলক অর্জনের ম্যাচে জয় চান মাহমুদউল্লাহ। বাংলাদেশের পক্ষে মুশফিক ৮৮, সাকিব ৮৬ ও তামিম ৭৪ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে নিজের ৯৯তম ম্যাচে তামিমকে (১৭০১) টপকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মাহমুদউল্লাহ (১৭০২)।

টি-২০ ফরম্যাটে একাধিক ম্যাচের পাঁচ সিরিজ জিতেছে বাংলাদেশ দল। আজ নিউজিল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে ষষ্ঠ সিরিজ জয়। টানা দুই জয়ে স্বাগতিকরা বেশ নির্ভার রয়েছে। গতকাল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। মুশফিক, তাইজুল, সৌম্যদের অনুশীলনে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও।

একাদশে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল বলেছেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসই দলের সাফল্যের মূল কারণ। ধারাবাহিকতা ধরে রাখার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন ছিল। খেলাটা শেষ ওভার পর্যন্ত গেছে। তারমধ্যে মুস্তাফিজও অনেক ভালো বোলিং করছে। যারা বোলার, তারা সবাই ভালো বল করছেন। সামনে আরেকটা ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের টানা জয়, সফলতার কারণ সম্পর্কে তাইজুল বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের সফল হওয়ার কারণ— আমাদের ব্যাটসম্যান বলেন কিংবা বোলার আর ফিল্ডার, যখন মাঠে নামে তখন সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে। সবাই টিমম্যান হিসেবে খেলছে। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা—সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’