নতুন পদ্ধতিতে খেলবে বাংলাদেশ

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবলে মাঠে নামছে

আজ বাংলাদেশ

 স্পোর্টস রিপোর্টার

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে আজ বাংলাদেশ ফুটবল দল নতুন পদ্ধতিতে খেলবে। এতদিন যেভাবে খেলেছে সেখান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এই টুর্নামেন্ট হতে নতুন পদ্ধতির ফুটবল শুরু হবে। তবে কি সেই পদ্ধতি সেটা প্রকাশ করেননি জাতীয় দলের কোচ জেমি ডে কিংবা অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ রাত সাড়ে ৮টায় বাংলাদেশ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। টুর্নামেন্ট আগেই শুরু হয়ে গেছে। কিরগিজস্তান ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিনকে।

গতকাল সকালে অনুশীলন শুরু হওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘আমরা নতুন সিস্টেমে ফুটবল খেলব। নতুন সিস্টেমে ট্রাই করব।’ কি সিস্টেম সেটা প্রকাশ না করলেও জামাল ভুঁইয়া বলেছেন, ‘নতুন সিস্টেমটা যদি ভালো হয় তাহলে সেটা চালিয়ে যাব।’ নতুন সিস্টেম নিয়ে কোচ জেমি বলেন, ‘আমরা নতুন ট্যাকটিস নিয়ে খেলব। কারণ সামনে সাফ আছে। এখানে যদি নতুন পদ্ধতি কার্যকর করতে পারি তাহলে সেটা সাফে কাজে লাগবে। নতুন সিস্টেম প্রয়োগ করতে হলে তার প্র্যাকটিসও থাকতে হয়।’

ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের স্থান ১৮৮, ফিলিস্তিনের স্থান ১০২। ৮৬ ধাপ উপরে ফিলিস্তিন। নতুন সিস্টেম যেটাই হোক, জামাল বললেন, ‘আমরা আমাদের খেলাটা খেলব। জানি ফিলিস্তিন শক্তিশালী দল। ফিফার র্যাংকিংয়ে ওরা অনেক উপরে। তার পরও আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এরই মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। তাদের ভুলগুলো আমাদের চোখে পড়েছে। এগুলো নিয়ে কোচের সঙ্গে আমরা কথাও বলেছি।’

কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরে তিন দেশ নিয়ে ২ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম ম্যাচে হারের ঝাল মেটাতে ফিলিস্তিন ফুটবল দলও প্রস্তুত। তারাও মরিয়া হয়ে উঠবে বাংলাদেশকে হারাতে। আর বাংলাদেশের আসল লক্ষ্য হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী অক্টোবরে মালদ্বীপে এই খেলা। তার আগে কিরগিজস্তানে গিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে বাংলাদেশের ফুটবলারদের জন্য সাফের প্রস্তুতি খুব ভালো হবে, এমন আত্মবিশ্বাস থেকে আজ টুর্নামেন্টে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জামাল বললেন, ‘এটা আমাদের সাফের প্রস্তুতি এক মাসও সময় নেই। এর মধ্যে উন্নতি করতে হবে।’

কোচ জেমি রাকঢাক না করে বলেছেন, ‘ফিলিস্তিন শক্তিশালী দল, বড় দল, কঠিন ম্যাচ হবে। এই ম্যাচে আমাদের প্লেয়ারদের জন্য কঠিন পরীক্ষা হবে। তারা কতটা চাপ নিতে পারে সেটাও দেখা হবে।’

প্রবাসী দুই জন ফুটবলার দলে নেওয়া হয়েছে। এক জন কানাডা প্রবাসী এবং এক জন  ফ্রান্স প্রবাসী। সেই সঙ্গে নতুন ফুটবলারও রয়েছে দলে। তারা আজকের ম্যাচে খেলতে পারবে কি না, সেটা প্রকাশ করেননি জেমি। তিনি বলেছেন, ‘এই সব খেলোয়াড়দের জন্য ফুটবলের আরো মঞ্চ রয়েছে তখন সুযোগ আসবে।’