স্পোর্টস ডেস্ক
বৃষ্টি না হলে ওভাল টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা নেই। এখনো বাকি আছে দুই দিন। তবে সব ঠিক থাকলে পঞ্চম দিনে যাওয়ারও সম্ভাবনা নেই। কেননা লর্ডস টেস্টের মতোই রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছে। ভারতের করা ১৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯০ রান করেছে ইংল্যান্ড। হাফসেঞ্চুরি করেছেন ওলি পোপ (৮১) ও ক্রিস ওকস (৫০)।
স্বাগতিকদের ৯৯ রানের লিড গতকাল তৃতীয় দিনেই পেরিয়ে গেছে বিরাট কোহলির দল। এগোচ্ছে বড় লক্ষ্যের দিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত শর্মার সেঞ্চুরিতে ৮৯ রানের লিড নিয়ে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৮৮ রান।
সময়ের অন্যতম সেরা ওপেনার হলেও এই সিরিজের আগে বিদেশের মাটিতে কোনো সেঞ্চুরি ছিলনা রোহিতের। লর্ডস টেস্টে কাছে গিয়েও আউট হন ৮৩ রানে। তবে ওভালের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করেই ছাড়লেন ডানহাতি ব্যাটসম্যান। মঈন আলীকে ছক্কা হাকিয়ে স্পর্শ করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার। রোহিতের ১০০ রানের সঙ্গে ৪৭ রান নিয়ে অপরাজিত আছেন চেতেশ্বর পুজারা। এর আগে ৪৩ রানে দিন শুরু করা উদ্বোধনী জুটিটি ভাঙে রাহুলের বিদায়ে। দলীয় ৮৩ রানে অ্যান্ডারসনের বলে ফেরেন রাহুল (৪৭)।