ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুর ১ নম্বরে ঢাকা ওয়াসার একটি আঞ্চলিক অফিসে এডিস মশার লার্ভা থাকায় সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শনিবার পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। ঐ নির্বাহী প্রকৌশলীর নাম ইকবাল আহমেদ মজুমদার। এ সময় আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় লার্ভা দৃশ্যমান থাকায় মামলা করতে বলা হয়েছে। ব্যক্তিগত বা সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এক আলোচনাসভায় ডিএনসিসি মেয়র বলেন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করতে হবে। এর আগে মিরপুর-১ এর ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং সামগ্রীগুলো ৬ হাজার ১৮০ টাকায় নিলাম করা হয়।