বরিশালে বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার

বরিশাল অফিস

বরিশালে যাত্রীবাহী বাসে করে পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে নগরীর রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপগুলোকে আপাতত সংরক্ষণ করা হবে, পরে সকলের উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।