নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

রাজশাহী মহানগরীতে নেশা টাকা না পেয়ে পিতাকে মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলে মমিনুল ইসলাম পিয়াসকে (১৭) স্থানীয় লোকজন বাড়ি ঘেরাও করে আটকে রেখে পুলিশে দিয়েছে।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেয়ার টাকা না পেয়ে তাদের কিশোর ছেলে পিয়াস তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। একারণে গণপিটুনির ভয়ে ঘাতক পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম