মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২৯ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৮ রান করেছে সফরকারীরা।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন হেনরি নিকোলস। ৩০ রান করেন টম ব্লান্ডেল। শেষ দিকে এই দু'জনে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েছেন। তাদের কল্যানেই লড়াই করার পুঁজি সংগ্রহ করতে পেরেছে তারা।
এছাড়া উইল ইয়াং ও রচিন রবীন্দ্র করেন ২০ রান এবং ফিন অ্যালেন ১৫ রান। বাকিরা বলার মত কিছু করতে পারেননি।
টাইগার বোলারদের মধ্যে শুরুতেই নিউজিল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা ফিন অ্যালেন'কে দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন তিনি। সহজ ক্যাচ ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
পরে কিউইদের দলীয় ৪৬ রানের মাথায় জোড়া আঘাত হানেন সাইফউদ্দিন। এক বলের ব্যবধানে উইল ইয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোম'কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৫৮ রানের মাথায় আঘাত হেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার শিকার রচিন রবীন্দ্র। তিনি ব্যক্তিগত ২০ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন।
কিউইদের ৬২ রানের মাথায় আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান। তিনি টম ল্যাথা ‘কে কট এন্ড বোল্ড করেন।
জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১২৯ রান। এটা করতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে টাইগাররা।
ইত্তেফাক/টিএ