ছিদ্রান্বেষী

এই সময়ের ছড়া 

শেখ সালাহউদ্দীন 

 

উনি সবার দোষত্রুটি ঠিক দেখেন   

সুযোগ পেলেই পষ্ট সেটা বলেন এবং লেখেন।  

এছাড়া তা ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়াতে        

অন্য সবাই জানতে পারে যাতে।

 

চায়ের টেবিল গরম রাখেন মেরে উজির রাজা

সবিস্তারে বলেন সবার করণীয় যা যা।

দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নের জন্য  

মূল দায়িত্ব বলেই এটা উনার কাছে গণ্য।  

 

সব বিষয়ের উনি হলেন তুখোড় সমালোচক             

জ্ঞান-বুদ্ধিতে উনার কাছে অন্য সবাই বালক।   

কিন্তু বাচাল, অবিবেচক, দুষ্টু যারা বেশি—  

পেছন থেকে বলে—উনি মানুষ ছিদ্রান্বেষী।    

 

কর্মচারী কর্মকর্তা সচিব মিনিস্টার

ব্যবসায়ী পেশাজীবী নেতা ও বেকার   

সকলেরই ত্রুটি দেখান তর্জনীটা তুলে    

দ্বিধা, সংশয়, ভয়, পরিণাম ভুলে।

 

ও কী ও কী করছেন যে ভ্রূকুটি!

না না উনার নেই কোনো দোষত্রুটি।          

উনি শুদ্ধ-ধোয়া তুলসীপাতা  

বাকি সবাই? একেবারে যা তা!