বিনোদন রিপোর্ট
‘গলুই’ শিরোনামে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। আগামী ২০ সেপ্টেম্বরের দিকে জামালপুর ও টাঙ্গাইলে ছবিটির শুটিং শুরু হবে। জানা গেছে, নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এরমধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধনসহ বেশকিছু চিত্র ছবিটিতে তুলে ধরা হবে। এতে সম্পূর্ণ ভিন্ন এক শাকিবের দেখা মিলবে। অ্যাকশন, রোমান্টিক ঘরানার বাইরে গল্প নির্ভর এই ছবিটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘মানুষের জীবনের একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটিতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার পাশাপাশি তাদের জীবনের নানা অনুসঙ্গ উঠে আসবে। তাছাড়া চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙার ধারাবাহিকতা এই ছবিতেও থাকছে। নতুন এক শাকিবকে দেখতে যাচ্ছেন দর্শকরা। শুধু আমার নিজের লুক নয়, ছবিটির শুটিংও নতুন এক জায়গায় করা হবে। যেখানে আগে কোনো ছবির শুটিং কেউ করেনি।’
উল্লেখ্য, একটানা শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন কলাকুশলীরা। সরকারি অনুদানের ছবি হলেও ‘গলুই’ নির্মাণে বেশ বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরি।