হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যুত্ গ্রাহকরা। শনিবার রাতে উপজেলার হাজিপুর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি জানায়। হাজিপুর বাজার শাজাহান সরকার মার্কেট থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইউনিয়ন পরিষদ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুত্ গ্রাহক মো. শামছুল হক, রিপন মিয়া, সাইদুল ইসলাম, শরীফ মিয়া, নূরুজ্জামান প্রমুখ। তারা বলেন, কিছুদিন ধরে দিনে-রাতে ছয় ঘণ্টাও বিদ্যুত্ পাওয়া যাচ্ছে না। এতে ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।