শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় সরঞ্জামসহ তিন জেলেকে আটক করেছেন। রবিবার সকালে কোবাতক বন স্টেশন অফিসার (এসও) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে সুন্দরবনে আড়পাংগাশিয়া নদী সংলগ্ন কুনচির খালে মাছ ধরার সময় জেলেদের আটক করেন। এ সময়ে জেলেদের ব্যবহূত একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ শিকাররত জেলেদের আটক করা হয়। আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।