মুক্তাগাছ (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় ঘরের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রি বাবা-ছেলে এবং বিদ্যুত্ সংযোগ নিতে গিয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর বড়গ্রাম ইউনিয়নের কোনাগাঁও এবং শনিবার বিকালে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের সুবর্ণখিলা গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইলেকট্রিক মিস্ত্রি নজরুল (৪২) এবং কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩০) ও তার ছেলে মো. এনায়েত হোসেন (৮)। মুক্তাগাছা থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, রবিবার রুবেল মিয়া ছেলে এনায়েতকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী মছর আলীর ঘরের চাল মেরামতের কাজ করছিল। এ সময় ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। হঠাত্ বিদ্যুত্ সংযোগ সরবরাহ করা হলে ঘটনাস্থলেই বাবা-ছেলে বিদ্যুত্স্পৃষ্টে মারা যায়। ঘরের ভেতর বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বা নষ্ট হয়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে শনিবার বিকালে বড়গ্রাম ইউনিয়নের কোনাগাঁও গ্রামে স্থানীয় আব্দুল মজিদের মিটার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মারা যান মিস্ত্রি নজরুল। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় মুক্তাগাছা থানায় ইউডি মামলা হয়েছে। আর নজরুলের লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।