চাষাবাদ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে আনোয়ারায় চাষাবাদ থেকে প্রায় বিভিন্ন দেশীয় ধান হারিয়ে যাচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে, ২০১০-এর আগে উপজেলায় প্রায় ৭০ প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো, সেখানে এখন হয় মাত্র ২০-২৫ প্রজাতির ধান। খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা, ফসলি জমি ভরাট এবং কলকারখানার ফলে কৃষিজমির পরিমাণ কমে যাওয়া, জমির উর্বরতা হ্রাসের কারণে কৃষক এখন চান্দিনা, মালা, ব্রিশাইল, ব্রি বালাম, আশা, সুফলা, প্রগতি, মুক্তা, ময়না এ ধরনের দেশীয় বীজের পরিবর্তে হাইব্রিড কিংবা উফশি জাতের ধান আবাদের দিকে ঝুঁকছেন। কারণ স্থানীয় জাতের ধানের তুলনায় হাইব্রিডের উত্পাদন অনেক বেশি।  উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, কৃষকরা তাদের খরচ পুষিয়ে অধিক ফলনের আশায় দেশীয় বীজ পরিহার করে উচ্চ ফলনশীল হাইব্রিডের প্রতি ঝুঁকছেন। তবে দেশীয় বীজ যাতে একেবারেই হারিয়ে না যায় সেজন্য সেগুলো সংরক্ষণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।