সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী কুচকাওয়াজ

বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে গতকাল সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৩য় ধাপের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন—বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশনস) ও উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ)সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

১ হাজার ২৪০ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীগণ ছয় সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। আব্দুল কাদির ইমন (শ্রেষ্ঠ ড্রিল), মো. নোমান (শ্রেষ্ঠ ফায়ারার) এবং নেউইন উম্মেষ (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির নিটক থেকে এ পুরস্কার গ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি