নেপালে যাচ্ছে আজ নারী ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার

করোনাকালে ঘরেই বসেছিল জাতীয় নারী ফুটবল দল। প্রবল করোনায় ফিফার নারী ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশের নামও উধাও হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে অংশ না নিতে পারার কারণে বাংলাদেশসহ ১৭টি দেশের নাম ছিল র্যাংকিংয়ে। অনেক দিন পর আবার আন্তর্জাতিক ফুটবলে খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। আজ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জাতীয় নারী ফুটবল দল ঢাকা ছাড়বে। গন্তব্য উজবেকিস্তান হলেও বাংলাদেশের নারী ফুটবলাররা আজ নেপালে যাবেন। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে উজবেকিস্তান যাবে বাংলাদেশ। কাঠমান্ডুতে ৯ ও ১২ সেপ্টেম্বর ম্যাচ খেলে সেখান থেকে ১৪ সেপ্টেম্বর রওনা দেবেন উজবেকিস্তান।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘জি’ গ্রুপে। প্রতিপক্ষ জর্ডান ও ইরান। ম্যাচ দুটি হবে ১৯ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে এবং ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে। নেপাল ও উজবেকিস্তান সফর উপলক্ষ্যে ঢাকা ছাড়ার আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের দুই প্রতিপক্ষ জর্ডান ও ইরান শক্তিশালী। ফিফার র্যাংকিংসহ সব দিক থেকে তারা এগিয়ে। তবে লিগ শেষ হওয়ার পর থেকে মেয়েরা কঠোর অনুশীলন করছে। এখন ভালো অবস্থানে রয়েছে।’