স্পোর্টস ডেস্ক
জিততে যেন ভুলেই গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ ইউরোতে জার্মানির বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ফ্রান্স। কিন্তু এর পর থেকে দুঃসময়ের মধ্যেই যাচ্ছে দিদিয়ের দেশমের দল। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল তারা। অন্যদিকে মেমফিস ডিপায়ের জোড়া গোলে মন্টিনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। তৃতীয় মেয়াদে ডাচদের দায়িত্ব নেয়ার দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেলেন কোচ লুইস ফন গাল। এদিকে প্রীতি ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
কাফ ইনজুরির কারণে অলিম্পিস্কি স্টেডিয়ামে ইউক্রেনের বিপক্ষে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। একাদশে রাফায়েল ভারান ও করিম বেনজেমাকে না রেখে এক প্রকার বাজিই ধরেন সফরকারী কোচ দেশম। কিন্তু প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুঁজছিল তার দল। তাই তো প্রতি আক্রমণে গোল খেয়ে বসে তারা। ৪৪ মিনিটে বাঁকানো শটে ফ্রান্সের জাল খুঁজে নেন মাইকোলা শাপারেঙ্কো। খুব বেশি সময় অবশ্য পিছিয়ে থাকেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর ৫০ মিনিটে সমতা ফেরান পাঁচ বছর পর দ্বিতীয় গোলের দেখা পাওয়া অ্যান্থনি মার্সিয়াল। এই ফরোয়ার্ডের বদলি হয়েই নড়বড়ে থাকা ফ্রান্সকে জাগিয়ে তোলেন বেনজেমা। কিন্তু আন্দ্রি পিয়াতোভকে কোনোভাবেই পরাস্ত করতে পারেননি।
ম্যাচ শেষে হতাশ কোচ দেশম বলেন, ‘দ্বিতীয়ার্ধ ভালো ছিল কিন্তু সুযোগ মিস করার পর প্রথমার্ধে গোল খাওয়ায় অনুতপ্ত আমরা। টানা ম্যাচ খেলা খুবই কঠিন। তবে আমি অজুহাত খুঁজছি না।’
নরওয়ের বিপক্ষে ড্রইয়ের পর বিশ্বকাপে খেলার মসৃণ রাখতে জয়ের বিকল্প ছিল না নেদারল্যান্ডসের। মন্টিনেগ্রোর বিপক্ষে গোল পেতে ৩৮ মিনিট সময় নেয়। পেনাল্টি থেকে ডাচদের এগিয়ে নেন ডিপায়। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এই বার্সা ফরোয়ার্ড। এরপর ৭০ মিনিটে জিনি ভাইনালডুম ও ৭৬ মিনিটে মন্টিনেগ্রোর কফিনে শেষ পেরেকটি ঠুকান কডি গাকপো।
একনজরে
n সাইপ্রাস ০-২ রাশিয়া
n ইউক্রেন ১-১ ফ্রান্স
n জিব্রাল্টার ০-৩ তুরস্ক
n নেদারল্যান্ডস ৪-০ মন্টিনেগ্রো