কলকাতায় শুরু হলো ডুরান্ড কাপ ফুটবল

গতকাল কলকাতায় ডুরান্ড কাপ ফুটবল শুরু হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এশিয়ার প্রাচীনতম এই ফুটবলের প্রথম দিনে নামছে বাংলার ক্লাব মহমেডান স্পোর্টিং ক্লাব। খেলবে এয়ারফোর্স ফুটবল ক্লাবের বিরুদ্ধে। গতকাল রবিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানেই হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মাঠে গিয়ে ফুটবলারদের সঙ্গে পরিচিত হন তিনি। এ বারের ডুরান্ড কাপে দেখা যাবে না কলকাতার দুই ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। আই লিগ এবং আইএসএল-এর বেশ কিছু ক্লাবকে নিয়ে হচ্ছে ডুরান্ড কাপ। আইএসএল-এর ক্লাব এফসি তিন বিদেশিসহ পূর্ণ শক্তির দল নিয়ে ডুরান্ড কাপে খেলতে আসছে। ডুরান্ড কাপে ‘এ’ গ্রুপে রয়েছে মহমেডান। এয়ারফোর্স ছাড়াও তাদের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু ইউনাইটেড এবং সিআরপিএফ। যুবভারতী ছাড়াও কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠে খেলা হবে। ফাইনাল ৩ অক্টোবর। ঢাকার ক্লাব দল মোহামেডান কর্মকর্তা আবু হাসান প্রিন্স জানিয়েছিলেন তারা ডুরান্ড কাপে আমন্ত্রিত। কিন্তু কেন আর গেলেন না বা মোহামেডানকে রাখা হলো না পরে সেটি জানাননি প্রিন্স।