গাজীপুরে চালককে খুন করে পিকআপ ভ্যান নিয়ে পলায়ন, গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চালককে খুন করে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায় একটি আন্তঃজেলা ডাকাতচক্র। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাজীপুর ও হবিগঞ্জ অভিযান চালিয়ে আন্তঃজেলা পাঁচ ডাকাতকে গ্রেফতার এবং ঐ পিকআপ ভ্যানসহ বিভিন্ন সময় ডাকাতি করা সাতটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে। রবিবার সকালে জিএমপির অপরাধ উত্তর বিভাগের কার্যালয়ে এডিসি (অপরাধ) রেজওয়ান আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের মারুফ হোসেন, ময়মনসিংহের এনামুল, শেরপুরের আমিনুল, টাঙ্গাইলের শামীম ও  হবিগঞ্জের আহাদ। গ্রেফতারকৃতরা গাজীপুর সিটির টঙ্গী, বাসন এলাকায় ভাড়ায় বসবাস করত।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা বলেন, গত ১ সেপ্টেম্বর জিএমপির বাসন থানার বারবৈকা মধ্যপাড়া এলাকার রাস্তার পাশে বাগানের ভেতর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঐ থানার এসআই মোস্তফা কামাল মামলা করেন। পরের দিন নিহতের স্ত্রী লাশটি শনাক্ত করেন। শনাক্ত অনুযায়ী নিহতের নাম সেলিম সরদার (৩৩)। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার পশ্চিম উদয়নগর এলাকায়। সেলিম গাজীপুর সদরের বেগমপুর (ফুয়াং গেট) এলাকায় ভাড়া থাকত। গত ৩১ আগস্ট নিজের মালিকানাধীন পিকআপ ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মামলার পর গত ৪ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তির সহায়তায় বাসন ও সদর থানা পুলিশ যৌথভাবে গাজীপুর ও হবিগঞ্জের বিভিন্নস্থানে অভিযানে চালিয়ে ঐ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের দেওয়া তথ্যে ঐ পিকআপ ভ্যানসহ বিভিন্নসময় ডাকাতি করা সাতটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

রেজওয়ান আহমেদ আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় আসামিরা ঐ হত্যাকান্ডসহ আরো পিকআপ ডাকাতিতে জড়িত থাকার ঘটনা স্বীকার করেছে। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর সদর জোনের এসি রিপন চন্দ্র, বাসন থানার ওসি মালেক খসরু খান এবং সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।