দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে ৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবািবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৬৩ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭৩৭ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, যা ১২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। আর মৃত্যু হয়েছিল ৬১ জনের, ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই বেড়েছে। তবে গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৯ দশমিক ৬৬ শতাংশ, আগের দিন যা ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।