রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই খান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি অটোরিকশার চালক। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। একই ঘটনায় অটোরিকশা আরোহী দুই যাত্রী আহত হয়েছেন। এদিকে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কালাই খানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার পালেরচরে। রাজধানীর মুগদা এলাকায় ভাড়া থাকেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় দুই যাত্রী নিয়ে শাপলা চত্বর পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। রিকশার দুই যাত্রী ছিটকে দূরে পড়েন এবং রিকশাচালক কালাই খান ট্রাকের সামনেই পড়ে যান। ট্রাকটি পালিয়ে যায়। তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কালাই খানকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। পুলিশ জানিয়েছে, রিকশার যাত্রী ইয়াসিন ও আরাফাত হাসপাতালে চিকিত্সা নেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায়  সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে অজ্ঞাত গাড়িতে ঐ ব্যক্তিকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি বিমানবন্দর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে পুলিশ জানতে পেরেছে। তার নাম-ঠিকানা না পাওয়ায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।