রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়া নিয়ে উদ্বেগ আপিল বিভাগের

চেয়ারম্যানের সই জাল করে মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্ম সনদ দেওয়ার অভিযোগে মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ। তিনি জানান, আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে এ কারণে যে, যেহেতু এই জন্ম সনদ নিয়ে তারা পাসপোর্ট এমনকি এনআইডি তৈরি করতে পারে। এসব নিয়ে তারা দেশের বাইরে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। কারণ এরা তো এ দেশের নাগরিক নয়।

গত ৫ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ সচিবের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আগাম জামিন নিয়ে ইউপি সচিব মোহাম্মদ এরশাদুল হক নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। ১ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। ৪ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে তা স্থগিত করে আপিল বিভাগ।