কুলাউড়ার সমাজচ্যুত তিন পরিবার রক্ষায় প্রশাসনকে নির্দেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সমাজচ্যুত তিন পরিবারকে রক্ষা করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভুক্তভোগী তিন পরিবারের সদস্যদের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। রুলে ভুক্তভোগী তিন পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিট আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

চলতি বছরের জানুয়ারিতে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌলভীবাজার জজ আদালতে স্বত্ব মামলা করে বিপাকে পড়েছেন তারা। মামলা দায়ের করার অপরাধে স্থানীয় কোরবানপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্যরা পাঁচ বছরের জন্য সমাজচ্যুত করেছে ঐ পরিবারকে। এতে তার সন্তানদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। অন্যদিকে বয়সিরা হাটবাজার কিংবা মসজিদে যেতে পারছেন না। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও কোনো সুরাহা না পেয়ে আকমলসহ কয়েক জন হাইকোর্টে রিট করেন। ঐ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।