অপরাজেয় থাকার সর্বোচ্চ চূড়ায় ইতালি

খুব বেশি দূর যেতে হবে না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ সেই দলটিই এরপর থেকে হারতে ভুলে গেছে। একের পর এক ম্যাচ জয়ের পর জুনে অনুষ্ঠিত ইউরো কাপও নিজেদের করে নেয় তারা। দুই মাস পর বিশ্বকাপ বাছাই পর্বে নামলেও এখনো হারের মুখ দেখেনি দলটি।

মূলত কোচের দায়িত্ব রবার্তো মানচিনির হাতে দেওয়ার পর থেকেই আমূলে বদলে যায় ইতালি। তারা সর্বশেষ হেরেছিল ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ন্যাশনস লিগের গ্রুপ পর্বে পর্তুগালের কাছে। পরের ম্যাচ ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর থেকে এখন পর্যন্ত তারা টানা ৩৬টি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড গড়েছে। যা আন্তর্জাতিক পুরুষ ফুটবলে কোনো দলের সর্বোচ্চ অপরাজেয় থাকার রেকর্ড। এর মধ্য দিয়ে দলটি স্পেন ও ব্রাজিলকে অতিক্রম করলো।

অবশ্য, খুশি হওয়ার এত বেশি কারণ নেই। দুই মাস আগে ইউরো জিতলেও বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের দেখা পায়নি মানচিনির শিষ্যরা। ঘরের মাঠে বুলগেরিয়ার সঙ্গে ড্রয়ের পর গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে সুইজারল্যান্ডের বিপক্ষেও ড্র করেছে ইতালি।

সেন্ট ইয়াকব পার্কে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি জর্জিনিও। তবে আশার কথা হচ্ছে, এখনো নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে ইতালি। পরের অবস্থানেই সুইজারল্যান্ড।

এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। স্পেনের একই রেকর্ড ছিল ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয় থাকার মূল রেকর্ডটি যুক্তরাষ্ট্র নারী দলের রেকর্ডে। তারা ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৫১ ম্যাচে অপরাজিত ছিল।

ইত্তেফাক/টিএ