গাদ্দাফিপুত্র সাদিকে মুক্তি দিল লিবিয়া

 বিবিসি ও রয়টার্স

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়ার কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। ২০১১ সালে লিবিয়ায় ন্যাটো জোট সমর্থিত এক অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। ঐ সময় সাদি প্রতিবেশী নাইজারে পালিয়ে যান, কিন্তু ২০১৪ সালে তাকে লিবিয়ার কাছে সমর্পণ করা হয়। তারপর থেকে তিনি ত্রিপোলিতে বন্দি ছিলেন। মুক্তি পাওয়ার পরপরই সাদি বিমানযোগে ইস্তাম্বুল চলে গেছেন বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন।

গাদ্দাফি জমানার অবসানের পর থেকেই লিবিয়া বিশৃঙ্খলা, বিভক্তি ও সহিংসতায় জর্জরিত হয়ে আছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় মার্চে দেশটিতে জাতীয় ঐক্য সরকার স্থাপিত হয়। এই সরকারের অধীনে ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সরকারি সূত্রটি জানিয়েছে, জ্যেষ্ঠ উপজাতীয় নেতা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডিবেইবির মধ্যে আলোচনার ফলে সাদি মুক্তি পান। এই আলোচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগাও ছিলেন বলে জানিয়েছে অপর একটি সূত্র।