রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাট উপজেলায় তিস্তা নদীর অব্যাহত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাঁব খা এলাকায় সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙনে এ পর্যন্ত স্কুল, মসজিদ, শত শত ঘরবাড়ি, রাস্তা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে চড় গতিয়াশাম, সরিষাবাড়ী, বুড়িরহাট, চর খিতাঁব খা, কালীর মেলা, গাবুর হেলানসহ আরো কয়েকটি এলাকা। বক্তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন দুর্গতরা।