গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তার ভাঙনের হুমকিতে পড়েছে গঙ্গাচড়ার বিনবিনা এলাকার একটি ব্রিজ। আর ১৫০-২০০ ফুট ভাঙলেই ব্রিজটি তিস্তাগর্ভে বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় ২০১৮-১৯ অর্থবছরে ৩৬ ফুট দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরন্নবী ভুট্টু বলেন, ব্রিজটি যখন এখানে নির্মাণ করা হয়, তখন নদী ছিল দেড় কিলোমিটার দূরে। সেই নদী এখন ভাঙতে ভাঙতে ব্রিজের কাছে এসেছে। যেভাবে নদী ভাঙছে, তাতে ব্রিজটি আর রক্ষা করা যাবে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঙ্গাচড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, ‘নদী ভাঙলে এই মুহূর্তে আমাদের করার কিছু নেই।’