গঙ্গাচড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। রবিবার রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তিস্তা নদীর কালিরচরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন : কালিরচর গ্রামের আনোয়ারুলের ছেলে মোখলেছার  রহমান (২৮) এবং নুর ইসলামের ছেলে  মতিয়ার রহমান (৩৫)।

গজঘণ্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রাতে সাত/আট জনের একটি দল তিস্তা নদীতে মাছ ধরতে গেলে ভোর ৪টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত দুই জনকে গঙ্গাচড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গঙ্গাচড়া মডেল থানার সংশ্লিষ্ট ইউনিয়নের এসআই শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত দুই জনের মধ্যে একজন প্রাথমিক চিকিত্সা শেষে ফিরে গেছেন। আমজাদুল নামে অপর জন বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন।