সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

কটিয়াদী (কিশোরগঞ্জ): উপজেলায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের হেলপার রাকিবুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত তিন জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার চারিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম নান্দাইল গুসাই চান্দুরা গ্রামের কাইয়ুমের ছেলে। কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর (দিনাজপুর): বিরামপুরে সিএনজির ধাক্কায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউজান (চট্টগ্রাম): রবিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পল্লী বিদ্যুত্ সমিতি-২ নোয়াপাড়া জোনাল অফিস পার্শ্ববর্তী স্থানে ট্রাকের ধাক্কায় মো. মাসুদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগদাই মধ্যম পাড়ার লোকমানের ছেলে। রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে।