রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদায়ি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান কর্তৃক অ্যাডহক ভিত্তিতে দেওয়া ১৩৮ জন শিক্ষক ও কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়। একই সঙ্গে ভিসি আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাবির ভিসি হিসেবে নিয়োগ পান এম আব্দুস সোবহান। গত বছরের ৬ মে তার মেয়াদ পূর্ণ হয়; কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগের দিন রাতে তিনি অ্যাডহক ভিত্তিতে শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেন। এ নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঐ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন। আবেদনের পক্ষে জ্যোর্তিময় বড়ুয়া শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেয়।