সাভারে পুলিশ পরিচয়ে ১৮ সোনার দোকান লুট

ইত্তেফাক রিপোর্ট

সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে একটি জুয়েলারি মার্কেটের ১৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে সশস্ত্র ডাকাত দল নয়ারহাট বাজারের জুয়েলারি মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা বাজারের নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রেখে বাজারের ১৮টি দোকানে ডাকাতি করে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ঘটনার রাতে দুটি ইঞ্জিনচালিত নৌকাযোগে প্রায় অর্ধশত ব্যক্তি নয়ারহাট ঘাটে নৌকা থামিয়ে বাজারে প্রবেশ করে। পরে তারা বাজারের নিরাপত্তা কর্মীসহ দোকান কর্মচারীদের মারধর করে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

সাথী জুয়েলারির কর্মচারী সুশান্ত সরকার বলেন, রাত দেড়টার দিকে তিনি কেচিগেটের তালা খোলার শব্দ পেয়ে পরিচয় জিজ্ঞাসা করলে দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। কথা শেষ না হতেই শাটার খুলে তারা ভিতরে প্রবেশ করে দোকানে থাকা দুই জনকে মারধর করে হাত বেঁধে রেখে চাবি নিয়ে নেয়। পরে তাদের ছয় সহযোগী দোকানে থাকা নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ৩৫ ভরি রুপা নিয়ে যায়। পার্থ জুয়েলারির কর্মচারী জয়ন্ত বলেন, দোকানের শাটার ভেঙে মুখে মাস্ক পরিহিত ১০-১২ জনের একদল ডাকাত তাদের দিকে অস্ত্র তাক করে গুলি করার ভয় দেখিয়ে কেচিগেট খুলতে বলে। এক পর্যায়ে তিনি দোকান খুলে দিলে ২০-২৫ জনের একদল ডাকাত তাকে  হাত বেঁধে অন্য একটি দোকানে নিয়ে আটকে রাখে।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ডাকাতির খবর শুনে সকালে তিনি বাজার কমিটির লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। তার মতে ঐ বাজারের ইতিহাসে এতো বড় ডাকাতির ঘটনা এর আগে কখনো ঘটেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের তালিকা ও ক্ষতির পরিমাণ জানিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দিতে বলেছেন। পরবর্তী সময় ভুক্তভোগীদের আর্থিক সহযোগিতার জন্য আবেদনে উল্লেখ করা হবে। ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ অপরাধীদের গ্রেফতারে   প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।