চীনের বিরুদ্ধে ফের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনল তাইওয়ান। চীনের পারমাণবিক বোমারুসহ অন্তত ১৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে প্রবেশ করে বলে অভিযোগ। তাইওয়ান গতকাল দাবি করেছে, তারা এসব বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে। এ নিয়ে ঐ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনের সামরিক বাহিনীর পারমাণবিক বোমারু বিমানসহ অন্তত ১৯টি যুদ্ধবিমান এবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেছে। খবর আলজাজিরা ও রয়টার্সের
তাইওয়ান সরকার বলছে, সর্বশেষ মিশনে চীনা সেনাবাহিনীর ১০টি জে-১৬ ও চারটি এসইউ-৩০ যুদ্ধবিমান, চারটি এইচ-৬ বোমারু বিমান এবং একটি সাবমেরিন-বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। পরবর্তীকালে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা নজরদারি ব্যবস্থাপনায় চীনের এসব যুদ্ধবিমানের অনুপ্রবেশ শনাক্ত হয়। এরপর চীনা সামরিক বিমানের বহরকে তাড়িয়ে দিতে সতর্কতামূলক হিসেবে তাইওয়ান একটি যুদ্ধবিমানের বহর দ্রুত অঞ্চলটিতে মোতায়েন করে। একই সঙ্গে সেগুলো নজরদারি করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তাইওয়ানের প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, তাইওয়ান উপকূলের উত্তর-পূর্বাঞ্চলের প্রাটাস দ্বীপপুঞ্জের নিকটবর্তী এলাকায় চীনা বিমানের বহরটি উড়ছে। যদিও সর্বশেষ এই মিশনের ব্যাপারে তাত্ক্ষণিকভাবে বেইজিং কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে কয়েক বার তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা ঘটেছিল।