করোনা ভাইরাস

সপ্তাহে শনাক্ত ৩৩ শতাংশ ও মৃত্যু ২৫ শতাংশ কমেছে

দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী, সুস্থ রোগী এবং করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু তার আগের সপ্তাহের চেয়ে কমেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সপ্তাহে (৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬২২টি। যা কি না তার আগের সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) ছিল ২ লাখ ১৯ হাজার ৮৭৬টি। অর্থাত্ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ। একইভাবে গত সপ্তাহে করোনাতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৯১৯ জন। যা কি না তার আগের সপ্তাহে ছিল ৩১ হাজার ৫৩৯ জন। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৩৩ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৬৬ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৫১ হাজার ৮২৩ জন। ৩১ দশমিক ৭৬ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন তার আগের সপ্তাহের তুলনায়। একই সঙ্গে গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৩ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ২৪ শতাংশ মৃত্যু কম হয়েছে।

দেশে গত এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৭১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬৫ জন কোভিড রোগীর। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, মৃত্যু হয়েছিল ৭০ জনের। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৬৬৭ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৭ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ এবং চট্টগ্রাম বিভাগের ১৩ জন বাদে রাজশাহী বিভাগের ছয় জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের তিন জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের চার জন ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন দুই জন। মৃত ৬৫ জনের মধ্যে ২৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ৫৩ জন সরকারি হাসপাতালে এবং ১২ জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।