তিতাসের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত রবিবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৩ অগাস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস গ্যাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠায় দুদক। এতে ৫ থেকে ৮ সেপ্টেম্বর তাদের দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।

গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন, তিতাস গ্যাসের কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, ব্যবস্থাপক হাসিবুর রহমান উপব্যবস্থাপক আনিসুজ্জামান, উপব্যবস্থাপক আবদুল মান্নান ও তিতাস গ্যাসের আরেক ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান।