বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। দিনভর ভ্যাপসা গরমের পর রবিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার। এ সময় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, ওড়িশা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।