নতুন সিইসি পদে তিন জনের নাম প্রস্তাব জাফরুল্লাহর

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে তিন জনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের নাম প্রস্তাব করে তাদের মধ্য থেকে এক জনকে সিইসি নিয়োগের দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান।

আলোচনাসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, যারা মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা গণতন্ত্রের স্বাদ পাব, তারা মনে রাখবেন এই সরকার ক্ষমতায় থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ ইসি গঠন করতে দিবে না। নিরপেক্ষ বিচারব্যবস্থাও গঠন করতে দিবে না। সেই কারণেই একটার পর একটা নিজেরাই ষড়যন্ত্র করছে।  প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।