রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে কিশোর নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে। তিনি বলেন, ছেলেটির পায়েসহ কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের চাচা মো. রুবেল বলেন, কামরাঙ্গীচর বড় গ্রাম এলাকায় তাদের বাসা। সেখানেই একটি মাক্স তৈরির কারখানা রয়েছে। সানোয়ার ঐ কারখানায় কাজ করত। তিনি বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নাস্তা খাওয়ার জন্য ২০ টাকা নিয়ে বের হয়। কিছু সময় পর সংবাদ পাই তাকে কয়েক জন ছুরিকাহত করে আচারওয়ালা ঘাট মমিনবাগ মাদ্রাসা গলিতে ফেলে রেখে গেছে। কয়েকজন তাকে উদ্ধার করেছে। উদ্ধারকারীদের মধ্যে এক যুবক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে স্থানীয় নুরাসহ কয়েক জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। সানোয়ার লালবাগ পোস্তা এলাকার মো. ওমর চানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।