২০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা চেয়েছে ইসি

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার নির্দেশনাটি ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান পাঠিয়েছেন। এতে বলা হয়েছে—নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তভাবে প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে সাধারণত শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি চাকরিজীবীদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কেউ দায়িত্ব পালন করতে না চাইলে যথাযথ কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। ইসিঘোষিত তপশিল অনুযায়ী-এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ অক্টোবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন

ফরম নিলেন সাত প্রার্থী

সংসদীয় আসন কুমিল্লা-৭ (চান্দিনা) উপ-নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিন পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ করেছেন সাত প্রার্থী।

শনিবার থেকে শুরু হয়ে সোমবার বিকাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল ৮ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করে দলটি।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন— কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ তনয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন এবং জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান দিলরাজি।