৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন: ফুঁসে উঠেছে এলাকাবাসী

নওগাঁর মান্দায় গভীররাতে ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ফুঁসে উঠছে এলাকাবাসী। ঘটনার মূল হোতা আবদুস সাত্তারসহ জড়িত অন্য আসামিদের বিচারের দাবিতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুড়ি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী। 

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে গ্রামবাসী দাবি করে, দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার একজন ভূমিদস্যু ও মামলাবাজ। মুক্তিযোদ্ধা হওয়ায় এলাকার লোকজন ভয়ে তাকে কিছু বলে না। এ সুযোগ কাজে লাগিয়ে এলাকার অনেকের জমি দখল করে নিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে একাধিক ব্যক্তিকে।

 

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ আগস্ট আবদুস সাত্তারের নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটিয়া বাহিনী গ্রামের অসহায় নারী রেজিয়া বিবি ময়নার সম্পত্তি দখল করে নিতে গভীর রাতে হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় ময়নাসহ ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। 

এদিকে দক্ষিণ মৈনম গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের নেতৃত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, ইউপি সদস্য আবদুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, ৭২ এর খতিয়ানমূলে বিবাদমান সম্পত্তিতে রেজিয়া বিবি ময়নার দখল সত্বের সঠিকতা আছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।  

ইত্তেফাক/এসজেড