ফরিদপুরের চরভদ্রাসনে গত এক সপ্তাহে বন্যার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পরেছে প্রায় ৪ হাজার পরিবার।
বন্যায় পানিবন্দী পরিবারের বিষয়ে জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান জানান, চলতি বর্ষায় এমপি ডাঙ্গী, ফাজেলখার ডাঙ্গী, হাজিডাঙ্গী ও মাথা ভাঙ্গা গ্রামে বেড়িবাধেঁর ভেতর বাহির মিলে ৮শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে ভোটকেন্দ্র হিসেবে পরিচিত মোল্যা ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ফাজেলখার ডাঙ্গী স: প্রা: বিদ্যালয়ে পানি উঠেছে।
গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, গত কয়েকদিনে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে তার ইউনিয়নের রমেশবালার ডাঙ্গী, বিন্দুডাঙ্গী, দোপাডাঙ্গী, চর হোসেনপুর, জয়দেব সরকারের ডাঙ্গী, মাঝিডাঙ্গী, নতুনডাঙ্গী, বৈদ্যডাঙ্গী, খালাশীডাঙ্গী, খালপাড় ডাঙ্গীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১৬শ পরিবার পানিবন্দী হয়ে পরেছে। এছাড়া রমেশবালার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতর পানি ঢুকে পরেছে এই বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে ব্যাবহার করা হয় বলেও জানান তিনি।
হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান জানান, তার ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী, ইকরাম মাতুব্বরের ডাঙ্গী, হাজার বিঘা, আমীনখার ডাঙ্গী, শালিপুর পূর্ব, শালিপুর মধ্য ও শালিপুর পশ্চিমসহ বিভিন্ন গ্রামে প্রায় ১১ শত পরিবার পানিবন্দী রয়েছে। ঐ ইউনিয়নে ভোটকেন্দ্র হিসেবে পরিচিত ৬নং ওয়ার্ড এর সাদারি বিশ্বাসের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭নং ওয়ার্ড গোলাপখার ডাঙ্গী স: প্রা: বিদ্যালয়ে পানি উঠেছে। এছাড়া পদ্মার ভাঙনের মুখে রয়েছে ছবুল্লা সিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। পানিতে ডুবে কাচা-পাকা প্রায় ৬০ কিলোমিটার রাস্তার বিভিন্নস্থানে ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বন্যার্তদের সহায়তা প্রদানের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম জানান, সরকারের নির্দেশনা অনুসারে বন্যার্তদের সাহায্য সহযোগীতায় কাজ করছে প্রশাসন। ইতিমধ্যে চর ঝাউকান্দায় ২শ বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়নে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে আরও ১৬ মে. টন চাউল বরাদ্দ এসেছে যা দ্রুত সময়ের মধ্যে উপজেলার ৪টি ইউনিয়নে বণ্টন করা হবে। পর্যায়ক্রমে ত্রাণ তৎপরতা বাড়ানো হবে বলেও জানান ইউএনও।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল জানান, বন্যায় কৃষকের বিভিন্ন জাতের ধান, কলা বাগান ও শাক-সবজি ক্ষেত মিলে প্রায় ১০৫ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক/এমএএম