ভোলায় ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের সময় স্থানীয়রা মো. হামিদ (২৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটককৃত ডাকাত সদস্য হামিদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের স্লুইজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ২/৩ দিন আগে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতি করেন হামিদ, জসিম, শামিম ও সামছুদ্দিন, নিরবসহ কয়েকজন ডাকাত। ওই সময় তারা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা নিয়ে যায়। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ওই এলাকায় ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করেন তারা। ওই সময় ভাগাভাগির নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ সৃষ্ট হয়। পরে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও হামিদ ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশের তুলে দেয় স্থানীয়রা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আহত অবস্থায় হামিদ ডাকাতকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। সে ডাকাত কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। তবে বিষয়টি তদন্ত চলছে।
ইত্তেফাক/এমএএম