চলতি মাসেই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচ এবং ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর তিন ওয়ানডেতে মুখোমুখি হবে ‘এ’ দল ও এইচপি।
সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলের সিংহভাগ ক্রিকেটারই আছেন এই দলে। মুমিনুল হক থাকছেন দলের নেতৃত্বে। দলে রাখা হয়েছে মিঠুন, শান্ত, মিরাজদের। শুধু ওয়ানডের জন্য সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। তবে দলে জায়গা হয়নি সাব্বির রহমানের। ঘরোয়া ক্রিকেটেও পড়তি ফর্মের কারণে বিবেচনায় আসেননি তিনি। যদিও সতীর্থদের মতো ফিটনেস ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করছেন সাব্বির।
আগামী ১২ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাবে ‘এ’ দল। গত ২২ আগস্ট থেকে চট্টগ্রামে চলছে এইচপি দলের ক্যাম্প।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহীদুল ইসলাম ও ইমরুল কায়েস (শুধুমাত্র ওয়ানডে ম্যাচের জন্য)।
ইত্তেফাক/এমআর