‘উপস্থাপনাকে শখের জায়গায় রাখা উচিত’

 

উপস্থাপক মুনতাহিনা হাসনাত রিতু উপস্থাপনার পাশাপাশি নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা বললেন সংগঠন ও উপস্থাপনার আদ্যেপান্ত নিয়ে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ পাঠক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু হটাত্ অনুষ্ঠান উপস্থাপনায় অনিয়মিত হওয়ার কারণ কী?

অনিয়মিত হওয়ার পেছনে তেমন কোনো কারণ নেই। এটা আসলে হটাত্ করেই হয়েছে। যদিও এখনো উপস্থাপনার প্রস্তাব পাই। কিন্তু একটি চ্যানেলের সংবাদ পাঠক হওয়ায় চাইলেও করা হয়ে ওঠে না। তবে বিশেষ দিবসগুলোতে মাঝে মাঝে উপস্থাপনা করি।

কাজ না জানা অনেককেই উপস্থাপনার চেয়ারে বসিয়ে দেওয়া হচ্ছে। এতে উপস্থাপনা শৈল্পিক সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করছেন না?

হ্যাঁ, অবশ্যই  সৌন্দর্য হারাচ্ছে। এটা শুধু সংবাদ, অনুষ্ঠান, দুটি মাধ্যমেই একই অবস্থা চলছে। আগে কম চ্যানেল থাকার কারণে মান ধরে রাখার একটা বিষয় ছিল। কিন্তু এখন বাচ্চাদের দিয়ে খবর পাঠের একটি চল শুরু হয়েছে। যা শুধু আমাদের দেশেই দেখা যায়। এখন অনেক চ্যানেলেই ভাষা বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে। এতে বাংলা ভাষার স্বকীয়তা নষ্টের পাশাপাশি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে না?

শুধু দেশের মানুষের কাছে নয়, বাইরের দেশেও আমাদের ভাষা সম্পর্কে ভুল বার্তা পৌঁছাচ্ছে। এর কারণ আমাদের প্রপার শিক্ষার অভাব রয়েছে। এখন যারা উপস্থাপনা শেখাচ্ছেন তাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে সঠিকভাবে শিখে কেউ আসছে না।

টিভি চ্যানেলগুলোতে ছেলের চেয়ে মেয়ে উপস্থাপক বেশি হওয়ার কারণ কী?

চ্যানেলগুলোও ছেলেদের চায়। কিন্তু মেয়েরা হয়তো তাদের চেয়ে ভালো করছে বলে এই সংখ্যাটা একটু বেশি। তাছাড়া অনুষ্ঠানের মতো সংবাদও কিন্তু এখন শোনার পাশাপাশি দেখার একটি মাধ্যম। সংবাদটি যদি প্রেজেন্টেবল না হয়, তবে তো প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। বাণিজ্যিক দিকটিও তো দেখতে হবে।

দেশের প্রেক্ষাপটে উপস্থাপনায় ক্যারিয়ার গড়ার পরিবেশ রয়েছে কী?

একটা সময় বেশ ভালো থাকলেও এখন সেই অবস্থা নেই। জীবনযাপনের জন্য যে অর্থনৈতিক সাপোর্ট দরকার সেটা বেশিরভাগ চ্যানেলই দিতে চায় না। তাই আমার মনে হয়, উপস্থাপনাকে শখের জায়গায় রাখা উচিত।

নতুন অনেকেই অভিযোগ করেন তারা সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে কী মন্তব্য করবেন?

সুযোগ পাচ্ছে না, এটা ভুল। আসলে সবাই মনে করে সে-ই পারফেক্ট। কিন্তু উপস্থাপনা এমন একটি কাজ যেখানে যোগ্যতা দিয়েই টিকে থাকতে হয়।

আপনার ‘নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন’ থেকে এই অসংগতিগুলো দূর করার জন্য কী পদক্ষেপ নিয়েছেন?

করোনার কারণে বেশকিছু কার্যক্রম বন্ধ থাকলেও শিগগিরই একটি ট্রেনিং সেশন শুরু করছি। এখান থেকে নতুনরা প্রপার শিক্ষা নিয়ে উপস্থাপনায় আসতে পারবে।