ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা কালিগঙ্গা নদী। বর্ষা এলেই কালিগঙ্গা নদীর কোনো না কোনো অংশে ভাঙন দেখা দেয়। বিভিন্ন জায়গায় সিসি ব্লক দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টাও চলে। তবে স্থানীয় পর্যায়ে অবৈধভাবে বালু উত্তোলন, নদীর বাঁক ও তীব্র স্রোতে সিসি ব্লক সরে গিয়ে শোল্লা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড পাতিলঝাঁপ এলাকায় প্রবল ভাঙনের সৃষ্টি হয়েছে। এবার বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙন। যে কোনো মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে শতাধিক পরিবারের বসতবাড়ি এবং এখানকার পাতিলঝাঁপ হাট। এছাড়াও দ্বিতল মসজিদ, ক্যাডেট মাদ্রাসা, হাইস্কুল, প্রাইমারি স্কুল, খেলার মাঠ, ঈদগাহ, কবরস্থান, ডাকঘর ঝুঁকিতে রয়েছে। ঘরবাড়িহারা হয়ে উদ্বাস্তু হতে পারে সহস্রাধিক মানুষ। তাই অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা ও এর মধ্যে নদী ভাঙনে বসতবাড়ি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
চন্দন মণ্ডল, দক্ষিণ বালুখণ্ড, নবাবগঞ্জ, ঢাকা