মুক্তাগাছায় সরকারি রাস্তার ক্ষতি

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মাছচাষিদের কারণে সওজ এবং এলজিইডি-র রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক মাছচাষিই রাস্তার ধারে পুকুর খনন করে মাছ চাষ করছেন। রাস্তার ধারে পুকুর খনন করে, মত্স্য আইন ২০১০ লঙ্ঘন করা হয়েছে। তারা রাস্তাকে পুকুরের পাড় বানিয়েছেন। তাতে পুকুরের পানি দ্বারা রাস্তা নষ্ট হচ্ছে, অনেকাংশে পাকা রাস্তাও হচ্ছে নষ্ট। অনেক স্থানে রাস্তা পুকুরে ধসে পড়ছে। তাতে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কোথাও কোথাও রাস্তায় বাঁধ দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। তাতে রাস্তায় কাদা-পানি একাকার হচ্ছে। এতে রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ছে। অনেক বিলের পানি নিষ্কাশনের মুখে বাঁধ দিয়ে মত্স্য চাষ করায় বিলের বা নিম্নাঞ্চলের পানি নিষ্কাশন হচ্ছে না। তাতে বিলে এবং নিম্নাঞ্চলে জলাব্ধতা সৃষ্টি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। বিলে বা  নিম্নাঞ্চলে অতিরিক্ত পানি থাকায় আবাদি জমি নষ্ট হচ্ছে।

নির্বাহী কর্মকর্তার আদেশ তদারকির কোনো ব্যবস্থা না থাকায় প্রায়শই রাস্তার ধারে পুকুর খনন ও ফিসারি স্থাপন করা হচ্ছে। মোটেও আইনের তোয়াক্কা করা হচ্ছে না। এ অবস্থা শুধু ময়মনসিংহ অঞ্চলেই নয়, দেশের আরো অনেক অঞ্চলেও এরকম সমস্যা দেখা দিয়েছে। তাই বিষয়টির প্রতি সওজ, এলজিইডি, উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহজাহান আলী মূসা, মুক্তাগাছা, ময়মনসিংহ