এক আসামি গ্রেফতার
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় বেলাল জোমাদ্দারের লাশ উদ্ধারের দুই মাস পরে সোমবার রাতে থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই উপজেলার চাল রায়েন্দা গ্রামের বেলাল জোমাদ্দারের (৫৭) লাশ একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়। ঘটনার দুই মাস পরে সোমবার সন্ধ্যায় শরণখোলা থানায় ময়নাতদন্তের রিপোর্ট আসে। রিপোর্টে বেলাল আঘাতজনিত কারণে মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে। সোমবার রাতেই মৃত বেলাল জোমাদ্দারের মেয়ে ফাতিমা আক্তার শিল্পি বাদী হয়ে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্টে আঘাতে বেলাল জোমাদ্দারের মৃত্যুর কারণ উল্লেখ করায় থানায় সোমবার রাতেই একটি হত্যা মামলা রেকর্ড এবং ঐ রাতেই অভিযান চালিয়ে মামলার সন্দেহজনক আসামি মো. মুন্না মীরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে।