রয়টার্স
কোভিড-১৯ কোয়ারেন্টাইনের কঠোর নিয়মকানুন লঙ্ঘন ও প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর দায়ে ভিয়েতনামে ২৮ বছর বয়সি এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কা মাউ-এর জনতার আদালতে এক দিনের বিচার শেষে লে ভান ত্রি’কে এ সাজা দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিশ্বের যেসব দেশ এখন পর্যন্ত করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় সফলতার নজির রেখে চলেছে, ভিয়েতনাম তার একটি। গণহারে শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা, সীমান্তে কড়া বিধিনিষেধ ও কঠোর কোয়ারেন্টাইনের মাধ্যমে তারা ভাইরাসের প্রকোপকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে মনে করা হয়। তবে চলতি বছরের এপ্রিলের শেষ থেকে নতুন সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সফলতার রেকর্ড ঝুঁকির মুখে পড়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ভিএনএ বলেছে, ভান ত্রি হো চি মিন সিটি থেকে কা মাউ-এ এসে ভাঙেন ২১ দিনের কোয়ারেন্টাইনের বিধিনিষেধ। তিনি আট জনকে সংক্রমিত করেন, যাদের এক জন একমাস চিকিত্সা নেওয়ার পরও ভাইরাসের কারণে মারা যান। ভিয়েতনামের সর্বদক্ষিণের প্রদেশ কা মাউ মহামারি শুরুর পর এখন পর্যন্ত কেবল ১৯১ কোভিড-১৯ রোগী দেখেছে, মৃত্যু দেখেছে দুই জনের।