স্পোর্টস ডেস্ক
ওভালে ভারতের কাছে ১৫৭ রানের বড় ব্যবধানে হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ সিরিজে পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। তাই সিরিজ বাঁচাতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো পথ নেই স্বাগতিকদের। সেজন্য জস বাটলার ও জ্যাক লিচকে দলে ডেকেছে তারা।
পিতৃত্বকালীন ছুটির কারণে চতুর্থ টেস্টে খেলেননি বাটলার। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় ফের জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ওদিকে গত মার্চের পর থেকে কোনো টেস্ট খেলেননি বাহাতি স্পিনার লিচ। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু সুযোগ পাননি একাদশে। তবে ম্যানচেস্টারে শেষ টেস্টে তার খেলার সম্ভাবনা প্রবল। কেননা, সিরিজ বাঁচানো টেস্টে দুই স্পিনার নিয়ে নামার চিন্তা করছেন কোচ ক্রিস সিলভারউড।
লিচের সঙ্গে একাদশে যুক্ত হতে পারেন পেসার মার্ক উডও। ইনজুরির কারণে তৃতীয় ও চতুর্থ টেস্ট না খেলা এই পেসারকে দেখা যাবে কনুইয়ে চোট পাওয়া ক্রেইগ ওভারটনের জায়গায়।
সাম্প্রতিক সময়ে অ্যান্ডারসনকে বেশ কয়েক টেস্টে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ভারতের বিপক্ষে টানা চার টেস্টে খেলেছেন সাদা পোশাকে সবচেয়ে সফল পেসার। তার ঘরের মাঠে অনুষ্ঠেয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে কি না, এ ব্যাপারে আলোচনা করবেন সিলভারউড। তিনি বলেন, ‘সে ও আমি এ ব্যাপারে আলোচনা করব। জেমস তার শরীর সম্পর্কে জানে। সে কেমন বোধ করছে এ ব্যাপারে নিশ্চিতভাবেই আমাকে সত্ মতামত দেবে। আমি অবশ্যই সেটা শুনব।’
ওভাল টেস্টে শেষ দিনে ব্যাটিং ব্যর্থতার কারণে শোচনীয়ভাবে হেরেছে ইংল্যান্ড। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইংলিশ কোচ বলেন, ‘টেস্ট বোলিং স্পেল হিসেবে বুমরাহর সেই স্পেলটি ভালো ছিল, যা আবারও দেখা যাবে। তবে একই সঙ্গে যদি লড়াইয়ে থাকতে চাই, তাহলে ঐ পরিস্থিতিগুলো সামলাতে হবে। বুমরাহ ঐ স্পেলের মধ্য দিয়ে আমাদের উড়িয়ে দিয়েছে এবং খুবই কঠিন করে তুলেছিল আমাদের জন্য। তবে আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে।’