ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

ভারত সফররত তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল দুপুরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে জনযোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, গতকাল সকালে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন হাছান মাহমুদ। দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মাণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে তারা আলোচনা করেন। এ সময় হাছান মাহমুদ বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত ক্লিন ফিড সম্প্রচারের বিষয়ে যে আইন রয়েছে, তা প্রয়োগের সিদ্ধান্ত ভারতের তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, ডেপুটি হাইকমিশনার নূরাল আলম ও প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। তথ্যমন্ত্রী আজ বুধবার দেশে ফিরছেন।